হোম > সারা দেশ > সিলেট

সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ

সিলেট প্রতিনিধি

জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আজ এসএমপির পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। এ সময়ে জরুরি প্রয়োজনে যাঁরা মোটরসাইকেল নিয়ে চলাচল করবেন, তাঁদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি, সিটিএসবি) আফজাল হোসেন।