হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যক্তিকে জরিমানা

সিলেট প্রতিনিধি

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

সিলেটে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেট সদর উপজেলায় এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর বিধি ৬(২) অনুযায়ী এ জরিমানা আদায় ও হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার ও বিপণন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।