দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অবতরণ করল বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট। আজ মঙ্গলবার সকালে ওমানের সালামএয়ারের ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখন থেকে মাসকাট-সিলেট রুটে নিয়মিত যাত্রী পরিবহন করবে সালামএয়ার।
সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের মাসকাট-সিলেট ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে একই উড়োজাহাজটি মাসকাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ।
বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট আবার চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার। এতে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশি, সালামএয়ারের চিফ কমার্শিয়াল কর্মকর্তা স্টিভেন এলেন, সালামএয়ারের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী ও সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।
সালামএয়ারের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে মাসকাট-সিলেট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাসে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের সাত দিনই এই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে এয়ারলাইনসটি।