হোম > সারা দেশ > সিলেট

অনুষ্ঠানের কথা বলে নৃত্যশিল্পীদের মাঝনদে দলবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

গ্রেপ্তার মুজাহিদ। ছবি: সংগৃহীত

নাচের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে দুই নারী নৃত্যশিল্পীকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর মাঝখানে নৌকায় দলবদ্ধ ধর্ষণের মামলার আসামি মুজাহিদকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে মুজাহিদকে গ্রেপ্তার করা হয়।

মুজাহিদ (১৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বুড্ডা এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।

এসআরবি জানায়, গত ৮ সেপ্টেম্বর কুমিল্লার চান্দিনার একটি নৃত্যশিল্পী দলের সঙ্গে ফেসবুকে যোগাযোগ করে সরাইলে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাব দেন প্রধান আসামি রাকিব। প্রস্তাবের পর ৯ হাজার টাকার চুক্তিতে সরাইলে যান দুই নারী নৃত্যশিল্পী। তাঁদের সঙ্গে একজন তরুণ ছিলেন। কিন্তু অনুষ্ঠানের মঞ্চের বদলে তাঁদের নেওয়া হয় তিতাস নদীর মাঝখানে। সেখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তরুণকে জিম্মি করে দুই শিল্পীকে আসামিরা ধর্ষণ করেন।

এসআরবি আরও জানায়, ঘটনার পর রাতে তরুণসহ দুই নারীকে নাসিরনগর উপজেলার ভূঁইয়ার ঘাট এলাকায় ফেলে রেখে নৌকা নিয়ে চলে যান অভিযুক্তরা। পরে ভুক্তভোগীদের একজন বাদী হয়ে সরাইল থানায় রাকিবকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। আজ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুজাহিদের অবস্থান সম্পর্কে তথ্য পায় এসআরবি-৯।

অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কে এম শহিদুল ইসলাম বলেন, মুজাহিদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।