হোম > সারা দেশ > সিলেট

সিলেট চেম্বারের নির্বাচনী তফসিল বাতিল, এজাজ আহমদ প্রশাসক নিযুক্ত

সিলেট প্রতিনিধি

এজাজ আহমদ চৌধুরী। ছবি: সংগৃহীত

দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা ও নতুন নির্বাচনের সুবিধার্থে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে প্রশাসকের দায়িত্বে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

এজাজ আহমদ চৌধুরী এর আগে সিলেট চেম্বারের কয়েকবার পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের স্মারক অনুযায়ী এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত প্রশাসক সংগঠনের সদস্যভুক্তি ও ভোটার তালিকা হালনাগাদ করবেন। পরবর্তীতে নতুন নির্বাচনী তফসিল ও ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ সেপ্টেম্বর নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আর আজ তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেছি।

প্রসঙ্গত, এর আগে দুইবার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তফসিল ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচন হয়নি।