হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিসে তালা দিলেন জাসাস নেতারা

সিলেট প্রতিনিধি

সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিসে তালা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

সিলেটের সারদা হলে থাকা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেটের নেতারা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তালা ঝোলান সিলেট জেলা ও মহানগর জাসাস নেতারা। এ সময় জাসাসের নেতারা সারদা স্মৃতি হলে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছবির সবগুলো ফ্রেম অপসারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন খান। তিনি বলেন, ‘অনেক সময় এই অফিসের ভেতরে আওয়ামী লীগের গোপন বৈঠক হয়। আমরা আজকে যাওয়ার পরে দেখি, ভেতরে তারা অসংখ্য আওয়ামী লীগের ছবি টাঙিয়েছে। এরপর আমরা সব ফ্রেম নামিয়েছি এবং নামানোর পরে আমরা তালা মেরেছি। ফ্রেমসহ তালার চাবি আমরা সিটি করপোরেশনে জমা দিয়ে আসছি। এর আগে আমরা সাইনবোর্ডও অপসারণ করেছি। এটা সিটি করপোরেশনের অধীনে। সিটি থেকে যাতে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় যে, তারা এখানে তাদের কোনো কার্যক্রম করতে পারবে না, এ জন্য আমি সিটি করপোরেশনকে অবগত করেছি। সিটি করপোরেশন যদি উদ্যোগ নেয়, তাহলে আর এই ধরনের কার্যক্রম তারা করতে পারত না।’

জাসাস নেতারা বলেন, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট ও এর দুই নেতা শামসুল ইসলাম সেলিম এবং রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছিলেন। আমরা দীর্ঘদিন থেকে খবর পাচ্ছিলাম, তাঁরা এখানে জড়ো হয়ে সভা করেন। তখন বিশ্বাস করিনি। তবে গতকাল রোববার রাতে আমরা তাঁদের এ রকম একটি প্রস্তুতির খবর পাই।’

এ সময় জাসাসের সিলেট জেলার সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, মহানগর সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা ও মহানগর জাসাসের অন্য নেতারা উপস্থিত ছিলেন।