২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। আজ সোমবার সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ফলাফল ঘোষণা করেন। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। মোট ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৫১ হাজার ৯৫৭ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে।
ফলাফল প্রকাশের সময় সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর বলেন, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি, অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি বা ত্রুটি পরিলক্ষিত হলে বোর্ড কর্তৃপক্ষ তা পরিবর্তন, পরিমার্জন, সংশোধন বা বাতিল করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।
তিনি আরও বলেন, প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি থাকলে ফলাফল প্রকাশের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব থাকবে না।
ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন, কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেকসহ বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা।