হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামে নতুন শনাক্ত ২০, মোট আক্রান্ত ৭২৬

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

সিলেট বিভাগে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২০ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৬ জনে।

আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে এ পর্যন্ত সর্বমোট ১১৬ জনের মৃত্যু হয়েছে (যার মধ্যে ৬ জন নিশ্চিত হামে এবং ১১০ জন সন্দেহজনক হামে)।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১১৩ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছে। আর বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৮৭ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেটে হামের পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। আগের তুলনায় এখন মৃত্যুহারও কমে আসছে। যারা মারা যাচ্ছে, তাদের বেশির ভাগই অন্যান্য রোগে আক্রান্ত। এখানে এসে মারা যাচ্ছে বিধায় হাম সন্দেহে বলা হচ্ছে। তবে বেশির ভাগেরই হাম ধরা পড়েনি পরীক্ষাতে। আর যাদের হাম ধরা পড়ছে, তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েই বাড়ি ফিরছে।