হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড

সিলেট সংবাদদাতা 

সিলেটে মাজারের পাশে বাউল গানের আসরে হামলা চালানো হয়। ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড করার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’, ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে হামলা চালায়। তাদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা ছিল। তারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করে। মঞ্চে থাকা বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভেঙে ফেলে হামলাকারীরা। আচমকা আক্রমণে ভয়ে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে যান আয়োজক ও মাজারের ভক্তরা। এতে অনুষ্ঠান সম্পূর্ণভাবে পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুর চালানোর পর হামলাকারীরা মিছিল করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে।

আয়োজকদের ভাষ্য, ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় ১০০ বছর ধরে নির্দিষ্ট একটি সময়ে বাউলগানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ভক্ত-দর্শনার্থীরা অংশ নেন। এর ধারাবাহিকতায় এবারও তিন দিনব্যাপী বাউলগানের আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন রোববার রাতে হঠাৎ শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে সেখানে হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড করে দেয়।

ঘটনার পর মাজারের খাদেম দুদু মিয়া সাংবাদিকদের বলেন, ‘১০০ বছর ধরে মাজারকে ঘিরে ওরস অনুষ্ঠান হয়ে আসছে। এতে প্রতিবছরই সিলেটের বিভিন্ন এলাকার ভক্তরা আসেন। রোববার রাতে হঠাৎ এক ব্যক্তি তাঁর সাঙ্গোপাঙ্গ ও আত্মীয়স্বজন নিয়ে এসে গানের আসরে হামলা চালান। হামলাকারীরা ঘটনার আগে কোনো অভিযোগ মাজার কর্তৃপক্ষকে করেননি। পরে হামলাকারীরা ঘটনাটি ভিন্ন দিকে নিয়ে যেতে গতকাল ভোরে পাশের মসজিদের জানালার গ্লাস ভাঙচুর করে মাজারের ভক্তদের এই ঘটনায় দোষারোপ করেন।’

আজ মঙ্গলবার দুপুরের দিকে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি মাজারের ভেতরে নয়। মাজারের মূল ভেন্যুর বাইরে গ্রামের পাশে তৈরি করা একটি মঞ্চে গানবাজনা হচ্ছিল। তাদের তিন দিনব্যাপী অনুষ্ঠান ছিল। রাতে স্পিকারে বেশি সাউন্ড দিয়ে গান বাজানোয় স্থানীয় মানুষের ঘুমে ব্যাঘাত হচ্ছিল; তারা এসে গান বন্ধ করে দিয়েছে। এই ঘটনাটি স্থানীয়ভাবে সমাধান হয়ে গেছে।’

ওসি আরও বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। মাজারের মূল ভেন্যুতে কিছু হয়নি। তাদের তিন দিনের অনুষ্ঠান যেটা, সেটা চলেছে।’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র

শ্রীমঙ্গলে ২৬ সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘হারমনি ফেস্টিভ্যাল’

সিলেটের শাহজালাল মাজারে দানের ডেগ সিলগালা, প্রশাসনের দানবাক্স স্থাপন

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত কিশোর আইসিইউতে

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত