হোম > সারা দেশ > সিলেট

কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ করবে না কওমি মাদ্রাসাগুলো

সিলেট প্রতিনিধি

সিলেটে কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

দেশের বাজারে দাম কমে যাওয়ায় আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের কওমি মাদ্রাসাগুলো। সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে পরিবহন ও সংরক্ষণ বাবদ যে ব্যয়, সংগৃহীত চামড়া বিক্রি করেও সেই অর্থ উঠে আসে না। ফলে চামড়া সংগ্রহ কার্যক্রম এখন মাদ্রাসাগুলোর জন্য বোঝায় পরিণত হয়েছে।

আজ সোমবার সিলেট বিভাগীয় কওমি মাদ্রাসা সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিষদের সদস্যসচিব মাওলানা মুস্তাক আহমদ খান লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মুস্তাক আহমদ বলেন, প্রাচীনকাল থেকে কওমি মাদ্রাসাগুলো কোরআন-হাদিসের শিক্ষা প্রচার ও প্রসারের মাধ্যমে দ্বীন এবং ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছে। মুসলিম সমাজের দান-সদকা, মৌসুমি চাঁদা ও কোরবানির চামড়া কওমি মাদ্রাসাগুলোর পরিচালনার অন্যতম প্রধান আয়ের উৎস।

এসব প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামগঞ্জ থেকে শহর-বন্দর পর্যন্ত আদর্শ মানুষ ও সমাজ গঠনে ভূমিকা রাখা হচ্ছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে কোরবানির চামড়া সংগ্রহ করে গরিব ফান্ড গঠন করা হতো। এই অর্থে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের কয়েক মাসের খাদ্যব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হতো।

কিন্তু বিগত সরকারের ভুল নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী চামড়াশিল্প ধীরে ধীরে ধসের মুখে পড়ে। বর্তমানে চামড়া সংগ্রহে যে পরিবহন ব্যয় হয়, বিক্রির মাধ্যমে সেই টাকা ফেরত পাওয়া যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার চামড়াশিল্প রক্ষায় কিছু উদ্যোগের কথা বললেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। গত বছর কওমি মাদ্রাসাগুলোকে কাঁচা লবণ সরবরাহের উদ্যোগকে ‘অযৌক্তিক ও অকার্যকর’ উল্লেখ করে বক্তারা বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে আগে দেশীয় বাণিজ্যিক সিন্ডিকেট ভাঙতে হবে।

মাওলানা মুস্তাক আহমদ খান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চামড়াশিল্পে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ছিল। কিন্তু সরকারের ১৮০ দিনের প্রাথমিক কর্মপরিকল্পনায় এ শিল্পের উন্নয়ন নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ হতাশ হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ঈদুল আজহায় সিলেট বিভাগের কওমি মাদ্রাসাগুলো কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে ভবিষ্যতে চামড়াশিল্পের উন্নতি ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে গরিব এবং এতিম শিক্ষার্থীদের স্বার্থে পুনরায় চামড়া সংগ্রহ কার্যক্রম চালুর বিষয়টি বিবেচনা করা হবে বলেও উল্লেখ করা হয়।

মুস্তাক আহমদ আরও বলেন, কোরবানির পশুর চামড়া মূলত গরিব ও এতিমদের হক। দেশের দারিদ্র্য বিমোচন ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা এবং লালন-পালনে কওমি মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কোরবানির সময় মোট চামড়ার প্রায় ৭১ শতাংশ কওমি মাদ্রাসাগুলোর মাধ্যমে সংগ্রহ করা হয়। তাই দ্রুত চামড়া খাতের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্য নিশ্চিত করা সময়ের দাবি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, কওমি মাদ্রাসাগুলো দ্বীনি শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চামড়া সংগ্রহ কার্যক্রম বন্ধ থাকলেও এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় সমাজের বিত্তবান এবং ধর্মপ্রাণ মানুষকে আগের মতো সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

এ সময় সংগঠনের আহ্বায়ক মাওলানা আব্দুল বছীর সুনামগঞ্জী, যুগ্ম সচিব মাওলানা আহমদ কবীর আমকুনী, যুগ্ম সচিব মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী (রেঙ্গা মাদ্রাসা), মাওলানা মঞ্জুর আহমদ (রেঙ্গা মাদ্রাসা), মাওলানা এনামুল হক বহরগ্রামী, মুফতি মাওলানা রশিদ আহমদ (দরগাহ মাদ্রাসা), মাওলানা নিয়াম উল্লাহ খাসদবিরী (দারুস সালাম মাদ্রাসা), মাওলানা শামীম আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

হামের উপসর্গ: সিলেটে আরও ২ শিশুর মৃত্যু

সরকার যেভাবে রেলে সেবা দিতে চায়, তাতে সীমাবদ্ধতা রয়েছে: রেল প্রতিমন্ত্রী

দুই মণ ধানের দামে এক শ্রমিক

৫ ঘণ্টার ব্যবধানে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু

সিকৃবির সিন্ডিকেট সদস্য হলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ও এমপি তাহসিনা রুশদীর

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১ বছর বয়সী শিশুর মৃত্যু

হাওরাঞ্চলে ফসলহানি: বাঁধেই জলাবদ্ধতা, কৃষকের গলার কাঁটা

সিকৃবি ক্যাম্পাসে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

সিলেটে হজরত শাহজালালের মাজারে ২ দিনব্যাপী ওরস শুরু বৃহস্পতিবার