দশ বছর আগে বিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন স্বামী ছিদ্দিক আহমদ লাদেন। সিলেটের বিয়ানীবাজারের এ হত্যা মামলায় আজ বৃহস্পতিবার লাদেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা দেন। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আল-আসলাম মোমিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন (৪২) বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন। হত্যার পর তিনি ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে পুলিশ ওই ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর ওই বছরের ২০ মার্চ বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করা হয়। মামলায় ছিদ্দিক আহমদ লাদেন এবং একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে ফখরু মেম্বারকে আসামি করা হয়। পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
সরকারি কৌঁসুলি আল-আসলাম মোমিন বলেন, মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে লাদেনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর আসামি ফখরুল ইসলামকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।