হোম > সারা দেশ > সিলেট

জালালাবাদ গ্যাসের নতুন পরিচালক বিএনপির বদরুজ্জামান

সিলেট প্রতিনিধি

মো. বদরুজ্জামান সেলিম। ছবি: সংগৃহীত

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের (কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা) সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ-সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে।

বদরুজ্জামান সেলিম বর্তমানে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত নির্বাচনে সিলেট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেট্রবাংলার আওতাধীন কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন এনে নতুন এই মনোনয়ন প্রদান করা হয়েছে। ​জারি করা আদেশে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের পরিচালকের পদে ইতিপূর্বে দায়িত্বে থাকা সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তফাকে পরিবর্তন করে তদস্থলে মো. বদরুজ্জামান সেলিমকে মনোনীত করা হয়েছে। একই আদেশে সাবরিনা আফরিন মুস্তফাকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মো. বদরুজ্জামান সেলিম বলেন, আমি এখন পরিচালক হিসেবে জয়েন হচ্ছি। আগামীকাল সিলেটে ফিরব। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

বিএনপি সরকার গঠনের পর এ পর্যন্ত সিলেটের পাঁচ নেতাকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। বদরুজ্জামান সেলিম ছাড়া অন্যদের মধ্যে সিলেট ওয়াসার চেয়ারম্যান হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী হয়েছেন সিসিকের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম সিলেট জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।