সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় বেঙ্গল ও ইউনিক পরিবহনের দুই বাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করা হয়েছে। একই সঙ্গে বাস মালিকদের পাঁচ দিনের মধ্যে চালকসহ হাজির হয়ে দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ শনিবার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক আব্দুর রশিদ।
আব্দুর রশিদ জানান, গতকাল শুক্রবার দুর্ঘটনার পর ঘটনাটি বিআরটিএ’র ‘ঢাকা মেট্রো-২ এবং মেট্রো-৩’-কে জানিয়েছি। একই সঙ্গে বাস দুটির ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানাই। তারা আজ বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল, মালিকপক্ষকে শোকজ করে চালকসহ পাঁচ দিনের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গতকাল ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়সহ মোট ৯ জন যাত্রী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।