কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে ১২ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছে এবং শিক্ষকেরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এদিকে এ ঘটনার মধ্যেই কলেজের বর্তমান অধ্যক্ষ মো. আসাদুজ্জামানকে রোববার বিকেলে বদলি করে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
২০০৭ সালে প্রতিষ্ঠিত স্নাতক পর্যায়ের এ প্রকৌশল কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পাঁচটি ব্যাচে প্রায় ১ হাজার শিক্ষার্থী আছেন। এর মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। প্রশাসনিক ভবনের ফটকে তালা থাকায় কলেজের অধ্যক্ষসহ ১৪ জন শিক্ষক ভেতরে আটকা পড়েন। এ ছাড়া প্রশাসনিক ভবনে অবরুদ্ধ আছেন আরও ৬ থেকে ৭ জন কর্মকর্তা-কর্মচারী। প্রায় ১২ ঘণ্টা ধরে শিক্ষকেরা ওই ভবনেই আছেন।
এ ব্যাপারে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা মো. আসাদুজ্জামান বলেন, তাঁরা সকাল ১১টা থেকেই আমাদের অবরুদ্ধ করে রাখছে। এখনো পর্যন্ত আমরা আটকা আছি। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। আমাকে বদলির ওই প্রজ্ঞাপন বিকেলে দেখেছি। কোন কারণে বদলি করা হয়েছে, সেটা জানি না।