হোম > সারা দেশ > সিলেট

দক্ষিণ সুরমায় বিসিক শিল্পনগরীর কাজ চলতি বছরেই শুরু হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশে দক্ষিণ সুরমায় ১৮৮ একর জমির ওপর নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরই এর উন্নয়নকাজ শুরু হবে।

আজ শনিবার সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডীপুলের কুশিয়ারা কনভেনশন হলে ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ব্যবসা সহজীকরণ প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন কোম্পানি গঠন, ট্রেড লাইসেন্স, ক্লিয়ারেন্স, আইআরসি এবং মেশিনপত্র আমদানির এলসি খোলাসহ ব্যবসা শুরুর বিভিন্ন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রক্রিয়ার সময়সীমা আগের ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ কর্মদিবসে নামিয়ে আনার ব্যবস্থা চলছে।

মন্ত্রী বলেন, ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার পর্যন্ত সড়কটি নতুন ৪ লেনের মহাসড়কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণের জন্য মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। একই সঙ্গে সিলেট-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান গ্যাপ দূর করে উন্নত রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সিলেটের উৎপাদিত পণ্য দ্রুততম সময়ে চট্টগ্রাম বন্দরে পরিবহন করা সম্ভব হবে।

এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।