সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপর ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। গ্রেপ্তার পারভেজ আহমদ (৩২) মোস্তকিন আলীর ছেলে ও নিহত ব্যক্তির চাচাতো ভাই।
জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধের জেরে পারভেজ আহমদ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গতকাল রাত পৌনে ১২টার দিকে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আলমের বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ করেন।
পরে পুলিশ নথিভুক্ত করে আসামি পারভেজকে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।