হোম > সারা দেশ > সিলেট

সিলেট সিটি করপোরেশনের কোনো এলাকাই অনুন্নত থাকবে না: সিসিক প্রশাসক

সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশনের কোনো এলাকাই অনুন্নত থাকবে না। নগরীর বর্ধিত এলাকাগুলো উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকলেও পর্যায়ক্রমে এসব এলাকার সড়ক, ড্রেনসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে। নগরবাসীর নাগরিক দুর্ভোগ কমাতে দিন-রাত কাজ করে যাচ্ছে সিলেট সিটি করপোরেশন।

আজ সোমবার সিলেট নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারিত হয়েছে, কিন্তু সে অনুযায়ী আয় বাড়েনি। তারপরও নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। কীভাবে সিলেট নগরীকে বন্যা ও জলাবদ্ধতামুক্ত করা যায়, কীভাবে নগরীকে আরও সুন্দর ও বসবাসযোগ্য করে গড়ে তোলা যায়—এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমি শুধু প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, কাজ বাস্তবায়নে বিশ্বাসী। কাউকে মিথ্যা আশ্বাস দিতে চাই না। যেসব উন্নয়ন কাজের প্রয়োজন রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রশাসক বলেন, ২৮ নম্বর ওয়ার্ডের সুনামপুর এলাকায় ১ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজ চলমান রয়েছে। পাশাপাশি ২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণের কাজও চলছে। ধারাবাহিকভাবে এলাকার অন্যান্য সড়ক ও ড্রেনের উন্নয়নকাজও বাস্তবায়ন করা হবে। নগরীর পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থারও উন্নয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশনের প্রতিটি এলাকার প্রয়োজনীয় উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।

সকালে সিসিক প্রশাসক ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে জামেয়া তাহফিজুল কোরআন বরইকান্দি সুনামপুর মাদ্রাসায় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের দাবিদাওয়া শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

দুপুরে আব্দুল কাইয়ুম চৌধুরী ৪০ নম্বর ওয়ার্ডের কুচাই মাঝপাড়া এলাকা পরিদর্শন করেন। পরে কুচাই পূর্বপাড়ায় আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব জামাল আহমদ, সিলেট মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক বাবর আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসভাপতি আব্দুল হাছিব, কুচাই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দীন রুকন, ইসমাইল হোসেন তকবির, আব্দুল জলিল, আনোয়ার হোসেন, নুরে আলম সাদেক, দিলাল আহমদ, ফখরুল ইসলাম, নাহিদ আহমদ, রিমন আহমদ, সাব্বির আহমদ, তানজির আহমদসহ স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।