হোম > সারা দেশ > সুনামগঞ্জ

এমপি নাছির চৌধুরীর পারিবারিক দ্বন্দ্ব: মীমাংসার আহ্বান জানিয়ে শিশির মনিরের খোলা চিঠি

সুনামগঞ্জ প্রতিনিধি

এমপি নাছির চৌধুরী ও জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ বিষয়ে তিনি নাছির চৌধুরীর উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে ‘শিশির মনির মিডিয়া সেল’-এর ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়।

খোলা চিঠিতে শিশির মনির লিখেছেন, ‘আমি জানি, এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা আপনার নেই। আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে অবগত করবেন।’

চিঠিতে তিনি বলেন, ‘বিষয়টি একান্তই আপনার পারিবারিক। কিন্তু বর্তমানে আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। যেখানে যাই, মানুষ আমাদের জিজ্ঞাসা করে জানতে চায়। কারণ আমি দিরাই-শাল্লার মানুষ। এটি আমাদের সম্মিলিত লজ্জা। এ বয়সে আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা নয়। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা। তাই আমরা উদ্বিগ্ন।’

তিনি আরও বলেন, ‘আপনি কত সমস্যার সমাধান করেছেন। কিন্তু আজ আপনিই আলোচনার কেন্দ্রবিন্দু। বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন।’

স্ত্রীর মামলায় ৮ জন আসামি

এর আগে সোমবার সুনামগঞ্জের দিরাই জোনের আমলগ্রহণকারী আদালতে নাছির চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার একটি মামলা করেন। মামলায় নাছির চৌধুরীর সৎ ভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীসহ আটজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, অসুস্থ স্বামী নাছির চৌধুরীকে গলায় ‘রামদা’ ধরে ভয় দেখিয়ে তাঁর বাড়িসহ সব সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নিয়েছেন সৎ ভাইয়েরা।

তবে মামলার অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন প্রধান আসামি মঈন উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আইনগতভাবেই মামলাটি মোকাবিলা করবেন।

এদিকে নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ নিয়ে দিরাই-শাল্লাসহ সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময়ে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।