হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন নারায়ণপুর গ্রামের আব্দুল হাকিম (৭০) ও তিলক গ্রামের জিলু আলীর ছেলে মিসবাহ উদ্দিন (৩০)। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, নারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত আন্দুর মিয়ার ছেলে আতাব মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে আজ জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আতাব মিয়ার পক্ষের মিসবাহ ও আব্দুল হাকিম গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা বিষয়টি তদন্ত করছি।’