সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বেলা ৩টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজিবি মহিষটিকে আটক করে।
আহতদের মধ্যে সাজু মিয়া ছাড়াও রয়েছেন একই গ্রামের হযরত আলীর ছেলে নূরু মিয়া ও সরল মিয়া, সাদু শিকদার ও অহিদ মিয়াসহ আরও দুই-তিনজন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে চোরাকারবারিরা সীমান্ত দিয়ে ভারত থেকে মহিষটি ইসলামপুর এলাকায় নিয়ে আসে। মহিষটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গ্রামের ভেতর ছোটাছুটি শুরু করে। একপর্যায়ে সাজু মিয়াকে বুকের বাঁ পাশে শিং দিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
সাজুকে উদ্ধার করতে স্থানীয়রা এগিয়ে গেলে মহিষটি আরও কয়েকজনকে আক্রমণ করে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় বিকেল ৩টার দিকে মহিষটিকে আটক করা হয়।
ইসলামপুর গ্রামের ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তের আশপাশ দিয়ে ভারত থেকে মহিষটি আনা হয়ে থাকতে পারে। মহিষটি কারা এনেছে, তা এখনো জানা যায়নি। বর্তমানে মহিষটি মালিকবিহীন অবস্থায় তাঁর জিম্মায় রয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির হোসেন বলেন, সীমান্ত পেরিয়ে চোরাই পথে আনা মহিষটি পাগলাটে প্রকৃতির হওয়ায় ছোটাছুটি করে সাত-আটজনকে আহত করেছে। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে। মহিষটি আটক করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।