হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে শয়নকক্ষ থেকে সুন্দর আলী (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুন্দর আলী হবিবনগর গ্রামের ছমেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে সুন্দর আলী ও তাঁর স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল রোববার দুপুরে স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লুবনা বেগম বোনের সঙ্গে চলে যান। আজ সুন্দর আলী ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা ডাকাডাকি করেন। তাতেও সাড়া না মিললে পুলিশে খবর দেন তাঁরা। পরে পুলিশ দরজা ভেঙে সুন্দর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে লুবনা বেগমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’