হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মধ্যনগর-কলমাকান্দা পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

পাকা সড়ক নির্মাণের দাবিতে দুই উপজেলার মানুষের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যে সারা বছর চলাচল উপযোগী পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় মধ্যনগর আখড়াসংলগ্ন মধ্যনগর-কলমাকান্দা সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘দাবি মোদের একটাই, সারা বছর চলাচলের রাস্তা চাই’—স্লোগানে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার মানুষের মধ্যে দীর্ঘদিনের ব্যবসায়িক, সামাজিক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তবে সড়ক যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে দুই উপজেলার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বক্তারা জানান, বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মধ্যনগর আখড়াঘাট থেকে গলহা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখলে সড়কটি সারা বছর চলাচলের উপযোগী করা সম্ভব।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সড়কটি নির্মিত হলে দুই উপজেলার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার কায়সার কামাল এবং সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুলের মাধ্যমে সরকারের কাছে সড়কটি নির্মাণের দাবি জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কামাল হোসেন, স্থানীয় বাসিন্দা বিধান তালুকদার, ডা. মুক্তাধীর হোসেন সুজন, কবি অসীম সরকার, কৃষক প্রণয় সরকার, অটোরিকশাচালক কাজল সরকার, শরীফ আহমেদ, শিক্ষক সুব্রত সরকার নন্দন, রাইসুল ইসলাম তপু, স্বাস্থ্যকর্মী মেহেদী হাসান হৃদয়সহ অনেকে।