হোম > সারা দেশ > সুনামগঞ্জ

অবৈধভাবে ভারতে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় বাংলাদেশির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে চোরাই কয়লা সংগ্রহ করতে গিয়ে পাথরচাপায় ইউনুস আলী (২৩) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্তের ওপারে ভারতের গারো পাহাড় এলাকার একটি কয়লার গর্তে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের পশ্চিমপাড়ার ছমির উদ্দিনের ছেলে। ঘটনার পর আজ দুপুরে স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে এসেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে ১০-১৫ জনের একটি দল বিজিবির চোখ ফাঁকি দিয়ে চারাগাঁও সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের ‘বেপানাক’ নামক এলাকায় প্রবেশ করে। সেখানকার একটি গর্ত থেকে কয়লা কুড়িয়ে বস্তায় ভরার সময় হঠাৎ ওপর থেকে একটি পাথর ইউনুস আলীর ওপর ধসে পড়ে। পরে দলের অন্য সদস্যরা গর্ত থেকে বের হয়ে ইউনুসের স্বজনদের খবর দেন। দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা দুর্ঘটনাস্থল থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, ভারতে কয়লা আনতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।