হোম > সারা দেশ > সুনামগঞ্জ

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: আজকের পত্রিকা

গত ৯ মাসে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ টাকার চোরাই মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন। সরাইল (উত্তর-পূর্ব) রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এসব তথ্য জানান।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানান, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তের ৪টি সেক্টর সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপির সদস্যরা সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করে। বিজিবি সদস্যদের অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসব ঘটনায় ৩০৫ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট সেক্টরের সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধ-সংক্রান্ত অভিযানে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর ও সাড়ে ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নে গত ৯ মাসে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান মালামালের মূল্য ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই প্রত্যয়ে দেশের সীমান্ত সুরক্ষা, সীমান্ত অপরাধ দমন এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে সরাইল রিজিয়ন বিজিবি।