হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নাব্যতা হারাচ্ছে কুশিয়ারা, জেগে ওঠা চর দখলের আশঙ্কা

জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) 

খনন না করায় নাব্যতা হারাচ্ছে বাংলাদেশ-ভারতের আন্তসীমান্ত নদী কুশিয়ারা। প্রতিবছর আগাম বন্যায় আক্রন্ত হচ্ছে নদীরপারের বাসিন্দারা। দ্রুত নদী খনন করা না হলে জেগে ওঠা চর দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন বাসিন্দারা। 

সরেজমিনে জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীর প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য চর জেগে উঠেছে। নদী শুকিয়ে যাওয়ায় মিঠাপানির ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। পলি পড়ার কারণে নদীর প্রবাহ হারিয়ে ফেলেছে। ফলে প্রাক্‌মৌসুমি বন্যার প্রবণতা বৃদ্ধি, নদীর নাব্যতা হ্রাস এবং কৃষি ও জনবসতি ভাঙনের কবলে পড়ছে। 

স্থানীয় লোকজন জানান, দেশ স্বাধীনের আগে ও পরে কুশিয়ারা নদী দিয়ে জগন্নাথপুরের রাণীগঞ্জ বাজারে বড় বড় নৌযানে করে মালামাল নিয়ে আসা হতো। নৌপথে পণ্য পরিবহন খরচ কম হওয়া সত্ত্বেও কুশিয়ারায় নাব্য না থাকায় নৌপরিবহনব্যবস্থা এখন আর নেই। নদী খননের অভাবে বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। তা ছাড়া কুশিয়ারা নদীর সঙ্গে যুক্ত নদীগুলো পরিণত হয়েছে ‘মরা খালে’। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হাওর এলাকার মানুষ। 

স্থানীয় কয়েকজন বয়স্ক মানুষ জানান, কুশিয়ারা নদীতে ছোট-বড় ডলফিন, শুশুক ইলিশসহ অনেক প্রজাতির মাছ দেখা যেত। নদীতে চলত পাল তোলা নৌকা। লঞ্চ, স্টিমার ও জাহাজ চলত বছরজুড়ে। ঘাটে ঘাটে ছিল নৌকার ভিড়। ছিল কুলি-শ্রমিকদের কোলাহল। কুশিয়ারা নদীকে কেন্দ্র করে রাণীগঞ্জ বাজার ছিল কর্মতৎপর এলাকা। কুশিয়ারা নদীর সেচের পানিতে আশপাশের এলাকায় চাষাবাদ হতো। অনেক পরিবারের জীবিকা নির্বাহের অবলম্বন ছিল এই কুশিয়ারা। 

নদীরপারের স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম জিলহজ বলেন, ‘একসময় দেখেছি বিশাল এক কুশিয়ারা। এখন তো পায়ে হেঁটে নদী পার হওয়া যায়। দ্রুত এই নদী খনন করা না হলে চর দখল হয়ে যাবে।’

জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা বলেন, ‘কুশিয়ারা নদী নাব্যতা হারিয়েছে। যে নদীতে একসময় জাহাজ, বড় বড় স্টিমার চলত, সেই নদীতে এখন নৌকা চলাচলই বাধাগ্রস্ত হচ্ছে। নদীমাতৃক বাংলাদেশে শুধু রক্ষণাবেক্ষণের অভাবে নদীর গতিপথ নষ্ট হচ্ছে, নাব্যতা হারাচ্ছে। উজান থেকে আসা পাহাড়ি ঢলে চর পড়ছে নদীগুলোতে। দেখা দিচ্ছে আগাম বন্যা। শুধু তাই নয়, ছোট ছোট শাখা নদীর সঙ্গে হাওরগুলোও ভরাট হয়ে গেছে। ফসলি জমিতে জেগেছে চর। বিভিন্ন স্থানে নদীর তীরও দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে।’ 

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে নদী খননে পাইপলাইনের যে প্রকল্প চলমান রয়েছে, তাতে কুশিয়ারার নাম নেই। তবে আগামীতে এ নিয়ে কাজ করা হবে।’

একটি চটের ব্যাগে উদ্ধার অভিযান! শেষ পর্যন্ত পিটিয়ে মারা হলো মেছোবিড়াল

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ফুটপাত দখল করায় ৫ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজানের বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা

সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু