সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শুনানি শেষে রায়গঞ্জ আমলী আদালতের বিচারক ওমর ফারুক এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের জিআরও সাকাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রিমান্ডে নেওয়া দুইজন হলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর এবং ব্যবসায়ী আলমগীর হোসেন।
সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় গত শনিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ১৭ আগস্ট এ মামলার এজাহারভুক্ত আসামি মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুইজনকেই জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণে প্রকল্প অনুমোদন হয়েছে। টিটিসি নির্মাণের জন্য কয়েকটি স্থান নিয়ে আলোচনা চলছে। একটি প্রতিষ্ঠান হলেও বেশ কয়েকটি এলাকা থেকে নিজ নিজ এলাকায় এটি স্থাপনের দাবি উঠেছে।
টিটিসি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে আলোচনার জন্য রায়গঞ্জ পৌর বিএনপি একটি সভার আয়োজন করে। গত শনিবার বিকেলে ধানগড়া বাজারে পৌর বিএনপির সভাপতি হাতেম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আয়নুল হক।
সভায় স্থানীয় বিএনপির পাশাপাশি জামায়াত, শিবির নেতাকর্মী ও সাবেক সমন্বয়কেরা উপস্থিত ছিলেন বলে জানান শামসুল ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, সভার শুরুতেই ধানগড়ায় টিটিসি নির্মাণের দাবিতে স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এ অবস্থায় সংসদ সদস্য টিটিসির স্থান নির্বাচনে একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়ে বক্তব্য শেষ করে চলে যাওয়ার মুহূর্তে তাঁর গাড়িতে হামলা চালানো হয়।
এ সময় এমপি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি ফেসবুকে লাইভ করে এ ঘটনার জন্য জামায়াত-শিবির ও এনসিপিকে দায়ী করেন।