সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার দুপুরে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারফ হোসেন ভূঁইয়াকে। সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) মো. রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।
এর আগে আজ সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে লাইনচ্যুত হয়। এতে রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নীলসাগর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসসহ অন্তত চারটি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায় এবং ট্রেন চলাচলের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয়।
দুর্ঘটনার ফলে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই লাইনে রেল চলাচল বন্ধ ছিল।