সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় তার বড় ভাই মো. হাসান গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান।
নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকার ফিরোজের ছেলে। সে রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মো. তারা শেখের ছেলে টিটোনের সঙ্গে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে আব্দুর রহমান ও তাঁর বড় ভাই হাসান গুরুতর আহত হন।
আহতদের প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আব্দুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে শুক্রবার সকালে সে মারা যায়।
অভিযুক্ত টিটোন ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। তাঁদের মধ্যে আব্দুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।