হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

আর্জেন্টিনা ফাইনালে উঠলেই মহিষ জবাই, ঠাকুরঝিপাড়া গ্রামে ৩৫০০ ফুট পতাকা

আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ

ঠাকুরঝিপাড়া গ্রামে সড়কের দীর্ঘ অংশজুড়ে টাঙানো হয়েছে সাড়ে ৩ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা। ছবি: আজকের পত্রিকা

গ্রামে ঢোকার মুখেই মনে হবে, বাংলাদেশের কোনো প্রত্যন্ত জনপদ নয়, আর্জেন্টিনার কোনো উৎসবমুখর এলাকায় এসে পড়েছেন। সড়কের একপাশজুড়ে উড়ছে আকাশি-সাদা রঙের দীর্ঘ পতাকা। বাতাসের সঙ্গে দুলছে হাজারো সমর্থকের আবেগ। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাকুরঝিপাড়া গ্রামে প্রায় ৩ হাজার ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছেন স্থানীয় সমর্থকেরা।

আজ বুধবার বিকেলে গ্রামে গেলে দেখা যায়, সড়কের দীর্ঘ অংশজুড়ে টাঙানো হয়েছে পতাকাটি। দূর থেকে তাকালেই চোখে পড়ে আকাশি-সাদা রঙের বিস্তৃত এক রেখা।

গ্রামবাসীর দাবি, পতাকাটির দৈর্ঘ্য প্রায় ৩ হাজার ৫০০ ফুট। প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই তাঁদের এই ব্যতিক্রমী আয়োজন। পতাকাটি তৈরি করতে ৩০ হাজার টাকার বেশি খরচ হয়েছে।

বিশ্বকাপ বা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের নানা আয়োজন চোখে পড়ে। কোথাও বাড়ি রং করা হয় প্রিয় দলের পতাকার আদলে, কোথাও তৈরি হয় বিশাল পতাকা। তবে ঠাকুরঝিপাড়ার বাসিন্দারা এবার নিজেদের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন গ্রামের পুরো সড়কে পতাকা টাঙিয়ে।

গ্রামের তরুণ সমর্থক রিফাত, আজিজুল ও হানিফের কণ্ঠে ছিল উচ্ছ্বাস। তাঁরা বলেন, আর্জেন্টিনা প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলেছে। বিশেষ করে লিওনেল মেসির গোলগুলো তাঁদের মুগ্ধ করেছে। দলের জয়ে তাঁরা আনন্দিত এবং এবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।

সমর্থকেরা বলেন, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়; এটি তাঁদের আবেগ, ভালো লাগা ও দীর্ঘদিনের ভালোবাসার অংশ।

গ্রামের আরেক সমর্থক নয়ন আলী জানান, গ্রামের প্রবাসী কয়েকজনের সহযোগিতায় এবার এই দীর্ঘ পতাকা টাঙানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের গ্রামের বেশির ভাগ মানুষই আর্জেন্টিনার সমর্থক। সবাই মিলে চাঁদা তুলে এই আয়োজন করেছি।’

শুধু পতাকা টাঙিয়েই তাঁদের উৎসব শেষ হচ্ছে না। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ঘিরে রয়েছে আলাদা পরিকল্পনা। প্রথম ম্যাচ উপলক্ষে গ্রামের সমর্থকেরা খাবারের আয়োজন করেছেন। শুরুতে বাজেট ধরা হয়েছিল ২০ হাজার টাকা। পরে তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

নয়ন আলী বলেন, আর্জেন্টিনার প্রথম ম্যাচ জয়ে রাতে গ্রামবাসী ও সমর্থকদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। আর দলটি ফাইনালে উঠতে পারলে আয়োজন হবে আরও বড়। সে ক্ষেত্রে একটি মহিষ জবাই করে পুরো গ্রামের মানুষকে আপ্যায়নের পরিকল্পনা রয়েছে।

যদি আর্জেন্টিনা শিরোপা জিতে—প্রশ্নটি শুনে সমর্থকদের মুখে হাসি ফুটে ওঠে। তাঁদের দাবি, গ্রামের বাইরে থাকা ১০ জন প্রবাসী প্রত্যেকে ৫০ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সেই অর্থ দিয়ে হবে বিজয় উৎসবের বিরাট আয়োজন।

ফুটবলের প্রতি ভালোবাসা শুধু মাঠের গ্যালারিতে সীমাবদ্ধ নয়, হাজার মাইল দূরের একটি গ্রামের মানুষের জীবনযাপন, উৎসব আর সামাজিক বন্ধনের সঙ্গেও মিশে যেতে পারে, ঠাকুরঝিপাড়ার ৩ হাজার ৫০০ ফুট দীর্ঘ পতাকার পাশাপাশি বিশাল ভোজের আয়োজন যেন সেই গল্পই বলে।

দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক নিহত

নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০

৩৬ বছর আগে বিক্রীত জমি দখলের চেষ্টা, হালচাষ নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই

সিরাজগঞ্জে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গরু ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই

আগ্রাসী যমুনা তাড়া করে সাবিয়াদের

যানজট এড়াতে নৌপথে যমুনা পেরিয়ে ঢাকামুখী যাত্রা