হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জে যমুনা নদীতে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার পাঁচগাছির চর ও বেলুটিয়া গ্রামসংলগ্ন ৪ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বেলুটিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ (২৬), আসলাম (৩৮), আব্দুল কাদের (২০), সুমন মোল্লা (২০) ও ইউসুফ আলী (২৫)।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, ইলেকট্রিক ফিশিংয়ের মাধ্যমে অবৈধভাবে মাছ শিকারের খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন পালিয়ে যান।

সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করায় দেশীয় প্রজাতির মাছ ও ক্ষুদ্র জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।