সিরাজগঞ্জের এনায়েতপুরে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। আজ সোমবার দুপুরে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে এনায়েতপুরের বারুপুর গ্রামের একটি মসজিদের সামনে যৌথ অভিযান চালানো হয়। এ সময় ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর পবা উপজেলার বড়গাছি এলাকার রবিউল ইসলাম (৪৬) ও ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গ্রামের জয়দল (৫৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপালপুর গ্রামের আসলাম ব্যাপারী (২৬)।
র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন জেলায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।