হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশ হেফাজতে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট চলাকালে ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে গেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত আব্দুস সালামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিমগাছীতে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। ওই সময়ে আব্দুস সালামকে তীব্র মানসিক দুশ্চিন্তায় হতাশাগ্রস্ত দেখা যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গ্যাস ট্যাবলেট খেলে সহকর্মী ও স্বজনেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার কর্মী শফিকুল ইসলাম বলেন, অডিট চলাকালে আব্দুস সালামকে হতাশাগ্রস্ত মনে হচ্ছিল। বিষয়টি জানতে চাইলে তিনি তাঁকে বাঁচতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন। পরে তিনি গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার পর অডিট কমিটির সদস্যদের বিক্ষুব্ধ জনতা ও ব্যাংকের কর্মীরা অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে অডিটের চাপের কারণে আব্দুস সালাম গ্যাস ট্যাবলেট সেবন করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তাঁর পরিবারের সদস্য ও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’