সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া খাঁপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডায়া খাঁপাড়ার রুবেল হোসেনের স্ত্রী (৩৮) দীর্ঘদিন ধরে মাদকের কারবারে জড়িত। মাদক কারবারের পাশাপাশি বাড়িতে অনৈতিক কার্যকলাপ চালাতেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রতিবাদ করেছেন, কিন্তু কাজ হয়নি। ওই নারী একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, মাদক কারবারের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছিল। অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের ওপর কোনো আস্থা নেই। পুলিশ ধরলেও দুই দিন পর ওই নারী বের হয়ে আসেন। এ জন্য বিক্ষুব্ধ জনতা তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।’
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, ‘মাদক কারবারিদের দমনের নামে কারও বাড়ি ভাঙচুর করা কোনোভাবেই কাম্য নয়। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না।’