হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, শিক্ষক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

বালুবাহী ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ইনসেটে নিহত শিক্ষক মোশাররফ হোসেন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে পড়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন।

আজ রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শ্যামলীপাড়া-মোহনপুর আঞ্চলিক মহাসড়কের গ্যাসলাইন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এলাকার ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে করে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন মোশাররফ হোসেন। গ্যাসলাইন ব্রিজ এলাকায় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।