সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই প্রতিযোগী নৌকার লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় নৌকার প্রায় ২২–২৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৬টার দিকে উপজেলার সোনতলা করতোয়া নদীতে নৌকাবাইচ চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া সোনতলা গ্রামের ‘সোনাবাজু একতা এক্সপ্রেস’ ও বংকিরাট গ্রামের ‘নবশক্তি ফাইটার’ নামের দুটি নৌকার মধ্যে প্রতিযোগিতা চলাকালে ধাক্কা লাগে। এতে উভয় নৌকায় থাকার চালরা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা হাতে থাকা বৈঠা নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় একটি নৌকা ডুবে যায়। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ২২–২৫ জন আহত হয়েছেন।
হাসিবুল আলম নামের এক ব্যক্তি জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে এই পরিস্থিতি হয়। এতে ২২–২৫ জন আহত হয়েছেন। আহতেরা হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বাইচের শেষ প্রান্তে নৌকা দুটির ধাক্কা লাগে। এতে উভয় নৌকায় থাকা লোকজন সংঘর্ষে জড়ায়।