হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

৩০ বছর পর আবারও মাঠে, রেফারির বাঁশিতে শৈশবে ফেরা

আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ

৩০ বছর পর আবারও সেই ফুটবল মাঠে প্রবীণেরা। ছবি: আজকের পত্রিকা

একসময় এই মাঠেই ছুটতেন তাঁরা। খালি পায়ে কিংবা পুরোনো বুটে, কখনো বাদামী কাপড় সেলাই করে বানানো বল নিয়ে। তারপর সংসার, জীবিকার তাগিদ, সন্তানদের মানুষ করা। একসময় ফুটবল হারিয়ে যায় জীবনের ব্যস্ততায়। কেউ ৩০ বছর, কেউ ৩৫, আবার কেউ ৪০ বছর আগে শেষবারের মতো মাঠ ছেড়েছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি রেলওয়ে মাঠে রেফারির প্রথম বাঁশি বাজতেই যেন সময় উল্টো পথে হাঁটতে শুরু করল। বয়স এখন কারও ৫৫, কারও ৬০, আবার কারও ৬৫। কিন্তু বল গড়াতেই বয়স যেন কোথাও মিলিয়ে গেল। দৌড়, পাস, হাসি, গোলের উল্লাস সব মিলিয়ে মাঠজুড়ে ফিরে এল বহুদিন আগের সেই শৈশব।

বৃদ্ধদের এই ব্যতিক্রমী ফুটবল ম্যাচের আয়োজন করে বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘ। উদ্দেশ্য ছিল গ্রামের প্রবীণদের আবারও কিছুক্ষণের জন্য তাঁদের হারিয়ে যাওয়া দিনগুলো ফিরিয়ে দেওয়া।

মাঠের চারপাশে ভিড় করেন শত শত দর্শক। কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন, কেউ আবার চিৎকার করে উৎসাহ দিচ্ছেন। খেলোয়াড়দের সন্তান-নাতিরাও দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। অনেকের চোখেই ফুটে উঠেছিল অন্যরকম আবেগ।

খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধে এক গোলের লিড নেয় প্রবীণ টাইগার। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে দাদা ব্রিগেড। নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জয় পায় দাদা ব্রিগেড। তবে জয়-পরাজয়ের চেয়ে বড় হয়ে ওঠে মাঠে ফেরার আনন্দ।

দর্শক বেলাল, সামিউল ও রায়হান বলেন, ‘এমন খেলা সাধারণত দেখা যায় না। যারা এই আয়োজন করেছে, তাদের ধন্যবাদ। বৃদ্ধদের খেলতে দেখে খুব ভালো লাগছে। আমরা চাই, প্রতিবছর এমন আয়োজন হোক।’

৬০ বছর বয়সী খেলোয়াড় গফুর সরকার বলেন, ‘আগে তো বাদামী দিয়ে ফুটবল বানিয়ে খেলতাম। প্রায় ৩০-৩৫ বছর পর আবার মাঠে নামলাম। মনে হচ্ছে ছোটবেলায় ফিরে গেছি। খুব ভালো লাগছে। আমরা চাই, প্রতিবছর এমন খেলার আয়োজন হোক।’

খেলোয়াড় মোকতেল, হযরত ও লতিফের কণ্ঠেও একই অনুভূতি। তাঁদের ভাষায়, অল্প সময়ের জন্য হলেও আমরা যেন আবার শৈশবে ফিরে গিয়েছিলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।

খেলার রেফারি খোকন খাঁন বলেন, ‘সাধারণত তরুণদের ম্যাচ পরিচালনা করি। কিন্তু প্রবীণদের খেলা পরিচালনার অভিজ্ঞতা এই প্রথম। তাঁদের উৎসাহ ও আনন্দ দেখে আমারও খুব ভালো লেগেছে। ভবিষ্যতে এমন আয়োজন আরও হোক।’

আয়োজক বাড়াকান্দি উত্তরা তরুণ সংঘের নাজমুল সরকার বলেন, ‘প্রবীণ মানুষদের একটু নির্মল আনন্দ দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করেছি। আমরা যে সাড়া পেয়েছি, তাতে অনুপ্রাণিত হয়েছি। চেষ্টা থাকবে প্রতিবছর এমন আয়োজন করার।’

বিকেলের আলো যখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল, তখন খেলা শেষ। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় প্রবীণ খেলোয়াড়দের মুখে ছিল তৃপ্তির হাসি। কেউ কারও কাঁধে হাত রেখে গল্প করছিলেন, কেউ পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করছিলেন। মনে হচ্ছিল, কয়েক দশক পর তাঁরা শুধু একটি ফুটবল ম্যাচ খেলেননি, ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া কৈশোরের একটি বিকেল।

সিরাজগঞ্জে নকল থাই ডায়াপার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার শাস্তি দাবিতে সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

সিরাজগঞ্জে চাঁদাবাজি ও মারামারির মামলায় গ্রেপ্তারের পর বিএনপির দুই নেতাকে শোকজ

শিলপাটার শিল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

সিরাজগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা গিলে খাচ্ছে স্কুল, বসতবাড়ি

প্রশ্নপত্রে ভুলসহ নানা অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিদ্যালয়ে তালা ঝোলাল শিক্ষার্থীরা

কাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ: বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা