সিরাজগঞ্জ শহরে নকল থাই ডায়াপার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের বানিয়াপট্টি এলাকায় যৌথভাবে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নকল পণ্য বিক্রির দায়ে রাম কৃষ্ণ পাল (৪০) ও জীবন চন্দ্র ভৌমিক (৪৫) নামের দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, চৈতী ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ও থাই ডায়াপারের জেলা ডিলারের বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁদের জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।