হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গাড়িচাপায় ২ জন নিহতের মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তাঁর ছেলে জাকির হোসেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ মার্চ রোকনুজ্জামান ও নাসির উদ্দিন মোটরসাইকেলে করে তাড়াশ থেকে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন।

তাঁরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

সলঙ্গা থানার পুলিশ জানায়, ওই মামলার তদন্তের অংশ হিসেবে গতকাল সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে আব্দুল ওহাব আলী ও তাঁর ছেলে জাকির হোসেনকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, মামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।