প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারার সঙ্গে নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত এবং সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ।
এর আগে ‘প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে নিম্নমানের সার, শুধু চারা নিয়ে ফিরলেন কৃষকেরা’ শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগ তুলে ধরা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বিষয়টি কৃষি মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। মন্ত্রণালয়ের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সার বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। যে প্রতিষ্ঠানের কাছ থেকে সার কেনা হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনো অর্থ পরিশোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, তদন্ত শেষে উপকারভোগীদের মধ্যে মানসম্মত জৈব সার বিতরণ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।