সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার সকালে উপজেলার জামতৈল পূর্ব বাজার এলাকার দারুল কোরআন মডেল মাদ্রাসায় আয়োজিত রুকন সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমানকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জেলা জামায়াতের মজলিশে শুরার সদস্য। ভাইস চেয়ারম্যান পদে ঘোষণা করা হয়েছে জামায়াতের উপজেলা সেক্রেটারি ও জেলা মজলিশে শুরার সদস্য মোহাম্মদ নাঈম আহমেদকে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভদ্রঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা নায়েবে আমির মনিরুল ইসলাম ও ঝাঐল ইউনিয়নে উপজেলা আমির মাওলানা ইউসুফ আলীকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে জামতৈল ও রায়দৌলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।
সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থী ও জেলা মজলিশে শুরার সদস্য আতাউর রহমান। তিনি বলেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। জনগণের মতামত ও সমর্থনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, ন্যায়নীতি ও জবাবদিহির ভিত্তিতে কাজ করতে চাই। নির্বাচনে জয়ী হলে কামারখন্দের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব।’
রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউসুফ আলী।