উচ্চমাধ্যমিক পাসের পর চাকরিতে যোগ দেওয়ার সুযোগ থাকলেও সে পথে হাঁটেননি রইস উদ্দিন আকন্দ। মানুষের জন্য নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের স্বপ্ন নিয়ে বেছে নিয়েছেন কৃষিকে। সেই থেকে মাঠই তাঁর কর্মক্ষেত্র, চাষাবাদই আনন্দ। তিন যুগের বেশি সময় ধরে কৃষিকাজ করে গড়ে তুলেছেন সংসার। দুই মেয়ের বিয়ে দিয়েছেন, ছেলেদের পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করেছেন। তাঁরা এখন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোট ছেলে বনি আমিনও বাবার কাজে সহযোগিতা করে। বর্তমানে রইস উদ্দিনের বয়স প্রায় ৬৫ বছর। বয়সের ভারেও কৃষিকাজে আগ্রহ কমেনি তাঁর।
গত বুধবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের উত্তরপাড়ায় গিয়ে দেখা যায়, মাচায় ঝুলছে সবুজ করলা। খেতের এক পাশে রয়েছে লাউ, ঢ্যাঁড়স ও বেগুনের আবাদ। গবাদিপশুর খাবারের জন্য চাষ করেছেন ঘাসও। ছোট ছেলে বনি আমিনকে সঙ্গে নিয়ে খেত পরিচর্যায় ব্যস্ত রইস উদ্দিন। কখনো গাছের গোড়া দেখছেন, কখনো মাচার করলার পরিচর্যা করছেন।
রইস উদ্দিন রসুলপুর গ্রামের মৃত ওয়াহেদ আলী আকন্দের ছেলে। ১৯৭৪ সালে এসএসসি ও ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন তিনি। এর আগেই বাবার সঙ্গে কৃষিকাজে যুক্ত হন। বাবার রেখে যাওয়া কয়েক শতক জমিতে ধান, পাট, সরিষা ও বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। পাশাপাশি প্রতিবছর বিঘাপ্রতি ১২ হাজার টাকা চুক্তিতে আরও তিন বিঘা জমি ইজারা নিয়ে সেখানে মৌসুমি ফসল ও শীতকালীন সবজির আবাদ করেন।
কৃষিকাজের আয় দিয়েই সাত সদস্যের সংসারের দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর কাছে কৃষি শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, সম্মানের পেশাও।
রইস উদ্দিন জানান, ইজারা নেওয়া তিন বিঘা জমির ২৫ শতাংশে শীতকালীন করলা, লাউ, ঢ্যাঁড়স ও বেগুনের আবাদ করেছেন। এসব চাষে এখন পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। এরই মধ্যে সবজি বিক্রি করে আয় করেছেন প্রায় ৩০ হাজার টাকা। খেতে আরও সবজি রয়েছে, সেগুলো বিক্রি করে এক লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
তাঁর মতে, চাষাবাদে ভালো লাভের অন্যতম কৌশল হলো একটি ফসলের আবাদ শেষ হওয়ার আগেই পরবর্তী ফসলের প্রস্তুতি নেওয়া। এতে জমি ফাঁকা পড়ে থাকে না, উৎপাদনও অব্যাহত থাকে।
নিজে চাষাবাদের পাশাপাশি আশপাশের কৃষকদেরও পরামর্শ দেন রইস উদ্দিন। নিজের গ্রাম ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তরুণ ও নতুন কৃষি উদ্যোক্তাদের চাষাবাদের কৌশল শেখান। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে অনেকেই তাঁর কাছে আসেন।
রইস উদ্দিনের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন একই গ্রামের তরুণ উদ্যোক্তা বুলবুল আহমেদ শাকিল। তিনি বলেন, ‘আমি নিজেও চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছি। রইস কাকার কাছ থেকে বিভিন্ন সময় চাষাবাদের পরামর্শ নিই। তাঁর অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগে।’
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন জানান, তাঁরা রইস উদ্দিনের সবজিখেত পরিদর্শন করেছেন। তাঁকে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী দেওয়া হয়েছে, যা তিনি বাস্তবায়ন করেছেন। এ ছাড়া তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠ ও উপজেলা পর্যায় থেকে তাঁকে নিয়মিত কৃষি পরামর্শও দেওয়া হয়।