হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি  

নুরুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) মো. নুরুল ইসলাম নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরুল ইসলাম। এ সময় ঢাকা অভিমুখী একটি ট্রাক অন্য একটি যানকে ওভারটেক করার চেষ্টা করে।

একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দায়িত্বে থাকা নুরুল ইসলামকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনায় ট্রাকচালক হাবিবুর রহমান গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, মহাসড়কে ট্রাকের চাপায় এটিএসআই নুরুল ইসলাম নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকচালক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, ‘এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত পুলিশ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’