সিরাজগঞ্জের কাজীপুরে অপহরণের এক দিন পর ১০ বছর বয়সী স্কুলশিক্ষার্থী শিপন মিয়াকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুপা মোতালেব প্রামানিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মোতালেব প্রামানিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবিপুর গ্রামের মৃত ময়দান প্রামানিকের ছেলে।
উদ্ধার হওয়া শিপন মিয়া কাজীপুর উপজেলার ভানুডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ভানুডাংগা গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মোতালেব সম্পর্কে শিশুটির ফুপা। সম্প্রতি তাঁর স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়। স্ত্রীকে ফিরে পেতে তিনি ওই নারীর ভাতিজাকে অপহরণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে শিপন মিয়াকে অপহরণ করেন।
এ ঘটনার পর শিপন মিয়ার মা বিউটি খাতুন বাদী হয়ে কাজীপুর থানায় মামলা দায়ের করেন। গতকাল সোমবার দিবাগত রাতে পুলিশ বেলকুচি উপজেলার খামার উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিপন মিয়াকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, অপহরণকারী মোতালেবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।