গ্রামের মাটিতে পা দিতেই বুকটা হালকা হয়ে যায়। টানা একটা শ্বাস নিলে খুব আরাম লাগে। মনে হয়, নিরুদ্দেশ হয়ে যাওয়া কেউ বহুদিন পর নিজের বাড়ির দরজায় ফিরে এসে ডাকছে…মা, ও মা।
যেকোনো মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে মায়াময় ভূখণ্ড বোধ হয় তাঁর নিজের গ্রাম। আমার গ্রামও আমার কাছে তেমনই, সত্যি যেন নাড়ির টান।
রাজশাহীর বাঘা উপজেলার যে গ্রামে আমি জন্মেছি, তার আদি নাম বাজুবাঘা। বাংলাদেশের বেশির ভাগ গ্রাম যেমন হয়, তেমনই। মানুষ বাড়তে বাড়তে গ্রামটাও বড় হয়ে গেল, ভেঙে গেল পাড়ায় পাড়ায়। পাড়া বেড়ে যাওয়ার সঙ্গে বদলে গেল অনেক কিছু, মানুষও। এখন শহুরে সব সুবিধা সেখানে। নতুন নতুন দালানকোঠা উঠে ফাঁকা জমি ভরে যাচ্ছে।
আগে গ্রামের যোগাযোগব্যবস্থা তেমন ভালো ছিল না। শহরে যেতে এক ক্রোশ হেঁটে যেতে হতো। এখন যোগাযোগব্যবস্থা অনেক ভালো। আগে খুব কম বাড়ির শিশুরা স্কুলে যেত। আজকাল স্কুলে যায় না এমন কোনো বাড়ি নেই। মাঝেমধ্যে গ্রামে গেলে দেখি, সৈনিকের মতো লাইন ধরে ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। আমি যখন এদের দিকে তাকাই, চোখ পানিতে ভরে আসে। মনে হয় হিরের কুচিরা হেঁটে যায়। সেই আলোয় আমার চোখ ঝলসে ওঠে।
আমার গ্রামের পেছনে একটি বড় বিল ছিল, ছিল একটা বটগাছ। বুড়ো বটগাছ কবে ইটভাটার জ্বালানি হয়ে গেল জানি না। বটগাছের পাশে একটা তালগাছ ছিল। মনে মনে আমি এখনো সেই তালগাছের পাশ দিয়ে হাঁটতে থাকি। পৃথিবীর সব মানুষ বোধ হয় সেভাবেই নিজের গ্রামে হেঁটে বেড়ায়।
আমাদের গ্রামে সন্ধ্যা হলেই সবাই বাড়ি ফিরত। ছোটবেলায় কোথাও বের হলেই মা বলতেন, বেলা থাকতে থাকতে ফিরে আসিস। যেন যতক্ষণ আলো আছে ততক্ষণই জীবনের লেনদেন। বেলা পড়ে গেলে আবার কাজ কিসের?
গ্রামের স্কুলমাঠে আমরা ফুটবল খেলতাম। চাঁদা তুলে একটা বল কিনলেই মৌসুম চলে যেত। ফুটবল আসলে সাম্যবাদের খেলা। এ খেলায় কোনো ধনী-গরিব নেই। শহুরে জীবনে এসে মনে হয়, যে কাদামাঠে ফুটবল খেলেনি, সে দিগন্তের অধিকারও পাবে না।
আমাদের বাড়ির পাশে ছিল কচুরিপানায় ভর্তি এক হাজামজা ডোবা। বর্ষা এলে তার ওপর দিয়ে ডাহুক হেঁটে যেত। একবার দেখি, কচুরিপানার ওপরে ডাহুকের বাচ্চা ফুটেছে। নিচে মজা ডোবা আর ওপরে জীবনের জয়গান। মনে হলো, এটা জীবনের অন্য এক পাঠ। আসলে, বর্ষা এলে মায়া আসে, ভালোবাসাও আসে।
ছোটবেলায় গ্রামের জীবনে বিকেলে বৃষ্টি হলেই পাতে পড়ত নারকেল-মুড়ি। শুভ্র নারকেলের গায়ে মুক্তার দানার মতো চিনি ছিটিয়ে মুড়িসমেত খাওয়ার মজাই আলাদা। শহুরে জীবনে শেষ কবে নারকেল-মুড়ি খেয়েছি, মনে নেই। এখন ভারী বৃষ্টি হলেই কে যেন কানে এসে ডাকে…ও ভাই, মুড়ি মুড়কি আছে, খাবি? গ্রাম কোনোভাবেই আমার পিছু ছাড়ে না, বটের আঠার মতো লেপ্টে আছে সর্বাঙ্গে।