হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় স্ত্রী জুসি খাতুনকে (৩০) ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাঘা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার ৬ দিন পর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জহুরুল ইসলাম (৪০) বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা গ্রামের ইনছার আলীর ছেলে।

গত বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামে প্রকাশ্যে নিজ বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন তার স্বামী জহুরুল। নিহত জুসি খাতুন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের লুৎফর রহমানের মেয়ে। ওই দিন ৬ জনকে আসামি করে নিহতের পিতা লুৎফর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি আত্মগোপনে থাকা জহুরুলকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।