সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিনুল ইসলাম মহিন বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। তিনি বাউসা হারুন অর রশিদ শাহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) হিসেবে কর্মরত। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হেদাতীপাড়া গ্রামের বাসিন্দা মন্টু প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, গত ২১ জুন সন্ধ্যায় বাউসা ইউনিয়নের ধন্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধন্দহ সরকারপাড়ার মাঝামাঝি একটি সেতুর কাছে পল্লিচিকিৎসক সামাদের বাড়ির পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং মিছিল করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় বাউসা ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তে মহিনুল ইসলাম মহিনের আইনবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, আইনবিরোধী কার্যক্রম পরিচালনা, বেআইনিভাবে মিছিল এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পুলিশের তদন্তে মহিনুল ইসলাম মহিনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।