হোম > সারা দেশ > রাজশাহী

কলেজের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কলেজের জমি দখল করে নির্মাণাধী ভবন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে এমদাদ হোসেন নামের সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজের জমি দখল করে দুটি দোকানঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের জমি দখলের অভিযোগ তাঁর বিরুদ্ধে। এ নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইদ আলী আজ শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

পাশাপাশি ২৫ ফেব্রুয়ারি অধ্যক্ষ পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কলেজের প্রধান ফটক-সংলগ্ন সরকারি রাস্তার পূর্ব পাশে অব্যবহৃত সামান্য জায়গায় কলেজ ভবনের দেয়ালের সঙ্গে সংযুক্ত করে এমদাদ হোসেন জোরপূর্বক দুটি দোকানঘর নির্মাণ করছেন। এর আগেও তিনি ২০২৪ সালের অক্টোবরে দোকানঘর নির্মাণের চেষ্টা চালান। সে সময় কলেজ কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণকাজ বন্ধ করেন এমদাদ।

কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, এমদাদ হোসেন পুনরায় একই স্থানে নির্মাণকাজ শুরু করেছেন। কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় তাঁর সঙ্গে কয়েক দফা আলোচনা ও সমঝোতার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। এভাবে কলেজ ভবনের দেয়ালের সঙ্গে সংযুক্ত করে দোকান নির্মাণের ফলে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। ভবনের ওই অংশে বৈদ্যুতিক মিটার সংযুক্ত রয়েছে। এ ছাড়া মেঝেতে রয়েছে সেপটিক ট্যাংক। ফলে বৈদ্যুতিক মিটার ও সেপটিক ট্যাংক ঝুঁকিতে পড়েছে।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, রসায়ন ল্যাবরেটরির জানালা ও উপাধ্যক্ষের কক্ষের জানালা নির্মাণাধীন দোকানঘরের ভেতরে পড়ে সেগুলো কার্যত বন্ধ হয়ে যাবে। জানালাগুলো বন্ধ থাকলে কক্ষগুলোর স্বাভাবিক আলো-বাতাস প্রবাহে বাধাগ্রস্ত হবে। এর ফলে পরিবেশ দূষিত হয়ে উঠবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ বলেন, ‘একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপনা ও পরিবেশ রক্ষা করা সবার নৈতিক এবং আইনগত দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড শুধু কলেজ নয়, সমগ্র এলাকার শিক্ষাবান্ধব পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এই প্রেক্ষাপটে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অবৈধ নির্মাণ দ্রুত অপসারণ করা হোক।’

নওহাটা এলাকার লোকজন জানান, এমদাদ হোসেন পবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। সর্বশেষ ২০২৪ সালের ২১ ডিসেম্বর নওহাটা পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি প্রার্থী ছিলেন। কিন্তু এমদাদ ওই কাউন্সিলে পরাজিত হন।

অভিযোগের ব্যাপারে বিএনপি নেতা এমদাদ হোসেনকে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘জায়গাটা আমাদের। কাগজপত্র আছে। কলেজ কর্তৃপক্ষ তাদের কোনো কাগজপত্র দেখাতে পারবে না। তবে ইউএনও সাহেব নিষেধ করলে দোকানঘর করতাম না। এখন বললে সরিয়ে নেব।’

পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমিন আজিজ বলেন, ‘এর আগেও এমদাদ হোসেন এ কাজ করেছেন। তাঁর যদি জমির কাগজপত্র থাকে, তাহলে সরকারি সার্ভেয়ার দিয়ে জমি মাপজোখ করা হবে। কিন্তু তিনি সেটির সুযোগ দেননি। শুক্র বা শনিবার সরকারি ছুটি থাকলে তিনি প্রশাসনের চোখ এড়িয়ে নির্মাণকাজ শুরু করেন। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে এবার মহিষের মৃত্যু

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

রাজশাহীতে তিন দিনব্যাপী ফল ও আম মেলা

মাছির যন্ত্রণায় শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ

রাবির নৃবিজ্ঞান বিভাগে সভাপতির কক্ষে শিক্ষার্থীদের তালা

স্বেচ্ছাসেবক দল নেতার বাসায় যুবক গুলিবিদ্ধ: অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছাত্রদলের কমিটিতে অছাত্র বিবাহিত শিবির ছাত্রলীগ