রাজশাহীর বাঘায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিষের তীব্র গন্ধ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
মৃত দম্পতি হলেন মনিরুল ইসলাম (৪৫) ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৩৮)। মনিরুল ভ্যানচালক ছিলেন। এই দম্পতির কোনো সন্তানাদি নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, মুক্তিযোদ্ধা কোটার বরাতে সরকারের দেওয়া একটি ঘরে স্বামী-স্ত্রী বসবাস করতেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে স্বপ্না খাতুনের বোন পাখি বেগম আসেন। তিনি বোনের বাড়িতে এসে বাইরের টিনের গেটে তালা ঝুলতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় পাখি বেগম তাঁর বোনের ঘরে পেছনের পথ দিয়ে প্রবেশের চেষ্টা করেন। একপর্যায়ে পাখি বেগমের ছেলে পাশের একটি ঘর থেকে উঁকি দিয়ে দেখতে পান, নিজ ঘরের বিছানায় স্বপ্না খাতুন চিত হয়ে ও মনিরুল ইসলাম উপুড় হয়ে পড়ে আছেন। এরপর দরজা খুলে পাখি বেগমসহ অন্যরা দম্পতির ঘরে ঢোকেন। তাঁরা ঘরের মধ্যে বিষের তীব্র গন্ধ পান এবং দুজনকে নিথর অবস্থায় দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন জানান, মৃত দম্পতির মুখ ও শয়নকক্ষের ভেতরে বিষের গন্ধ পাওয়া গেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় স্বামী-স্ত্রী বিষ পান করেছেন। ঘটনাস্থল থেকে তাঁদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।