রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের ভারতীয় ডেলটা ধরন শনাক্তের পর রাজশাহী ও নওগাঁ জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে। গত কয়েক দিন ধরে বিভাগের অন্যান্য জেলাতেও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।
স্বাস্থ্য বিভাগ বলছে, বিভাগ জুড়ে নমুনা পরীক্ষা বৃদ্ধির ফলে শনাক্তের সংখ্যা বেড়েছে। তবে জনস্বাস্থ্যবিদেরা বলছেন, আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এখনো গ্রামের মানুষ নমুনা পরীক্ষা করাতে আগ্রহী হয়ে ওঠেননি। তাই এ ব্যাপারে ব্যাপক প্রচারণার প্রয়োজন। তাহলে আক্রান্তদের চিহ্নিত করা যাবে। আক্রান্তদের চিহ্নিত করা না গেলে করোনা ছড়াতেই থাকবে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত বৃহস্পতিবার রাজশাহীর আট জেলায় ৮১৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩৫৯ জন শনাক্ত হয়েছেন রাজশাহীতে। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ জন জয়পুরহাটে। পাবনায় শনাক্তের সংখ্যা ৭৬। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের সংখ্যা ৭৫। নাটোরে ৬৫, বগুড়ায় ৬১, নওগাঁয় ৫৮, ও সিরাজগঞ্জে ৩৩ জন শনাক্ত হয়েছেন।
করোনা মহামারি শুরুর পর থেকে রাজশাহী বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৮৯ জন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাজশাহী ও খুলনা বিভাগের অন্তত ১০ জেলার রোগীরা চিকিৎসার জন্য আসছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে। হাসপাতালটিতে এখন করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। তাই রোগীদের ভর্তি হতেও বেগ পেতে হচ্ছে। তারপরও জীবন বাঁচানোর আশায় স্বজনেরা রোগী নিয়ে হাসপাতালে আসছেন।
আজ শুক্রবার দুপুরে তীব্র শ্বাসকষ্ট নিয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় নাটোর সদরের শিউলি বেগমকে। সঙ্গে শুধু তাঁর স্বামীই এসেছিলেন। শিউলির স্বামী যখন ভর্তির প্রক্রিয়া সারতে ব্যস্ত তখন প্রাণ বাঁচাতে একাই অক্সিজেন মাস্ক মুখে ধরছিলেন শিউলি। অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় আধা ঘণ্টা পর শিউলিকে ভর্তি নেওয়া হয়।
শিউলি যখন একাই অক্সিজেন মাস্ক মুখে দিয়ে ট্রলিতে শুয়ে ছিলেন তখন তাঁর পাশেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইউসুফ আলীকে নিয়ে কয়েকজন ব্যস্ত ছিলেন। মুদিদোকানি ইউসুফের শ্বাসকষ্ট। অক্সিজেন চলছে। কিন্তু অক্সিমিটারে কোনো পরিমাপ উঠছে না। যন্ত্রটির সমস্যা ভেবে আরেকটি আনা হলো। সেটিরও একই অবস্থা। ইউসুফ আলীর স্ত্রী আঁখি বেগমের আঙুলে দেওয়া হলো অক্সিমিটারটি। তখন ঠিকই পরিমাপ দেখাল ওই যন্ত্র। দায়িত্বে থাকা নার্স কিছুই বুঝলেন না। তাই দ্রুত ইউসুফকে ওয়ার্ডে পাঠানো হলো।
ইউসুফের ট্রলি যখন ওয়ার্ডের দিকে তখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সাহাপাড়া থেকে আনা হয় আবদুল হান্নানকে। এই বৃদ্ধকে স্বজনেরা অক্সিজেন মাস্ক পরিয়ে দেন। তারপর অক্সিমিটারে স্যাচুরেশন মাপা হয়।
রামেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরতদের এখন এমনই ব্যস্ততা। প্রতিদিনই হাসপাতালটিতে ১০ জনের বেশি মানুষ মারা যাচ্ছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, যেভাবে রোগী আসছে তাতে মনে হচ্ছে রাজশাহী অঞ্চলে করোনার ডেলটা ধরনের সামাজিক সংক্রমণ শুরু হয়েছে। এই মুহূর্তে পরীক্ষা বাড়াতে হবে। আক্রান্তদের আলাদা করতে হবে।
শামীম ইয়াজদানী আরও বলেন, রাজশাহী শহরে লকডাউন চলছে। এই শহরের বাইরে যেখানে বেশি করোনা শনাক্ত হচ্ছে সেসব এলাকাকে দ্রুত লকডাউনের আওতায় আনতে হবে। তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
জনস্বাস্থ্যবিদ ডা. চিন্ময় কুমার দাস বলেন, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হওয়ার পর গড় শনাক্তের হার কমেছে। কিন্তু এটা প্রকৃত চিত্র নয়। করোনার চিত্র বোঝার জন্য আরটিপিসিআর ল্যাবকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। সেখানে সংক্রমণের হার দেখা যাচ্ছে ৪০ শতাংশের কাছাকাছি। তাঁর মতে, এখন আক্রান্তদের চিহ্নিত করে আইসোলেশন করা জরুরি।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ‘বিভাগের সব জেলাতেই সংক্রমণ আগের চেয়ে কিছুটা বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ কমতে শুরু করলেও রাজশাহীতে কমেনি।’