ঈদের ছুটির মধ্যে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ভূমি অফিস ও সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুই অফিস থেকে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরি হয়েছে।
এ ঘটনায় আজ সোমবার থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা নরশাদ আলী জানান, একই কায়দায় উপজেলা ভূমি অফিস ও সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসে চুরি সংঘটিত হয়েছে। সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের একটি কম্পিউটারের প্রসেসর, র্যাম ও হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে চোরেরা। অন্যদিকে উপজেলা ভূমি অফিস থেকে পুরো কম্পিউটার মনিটর চুরি করা হয়েছে।
নরশাদ আলী আরও জানান, গত ২৪ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ঈদের ছুটি ছিল। আজ অফিস আসার পর চুরির বিষয়টি জানা যায়। ছুটির মধ্যে কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, সদর বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি দুটি অফিসে কীভাবে চুরির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, চুরির ঘটনায় দুটি মামলা হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি অফিস ও সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিস সদর থানার ৩০০ গজের মধ্যে অবস্থিত। পুরো বাজার এলাকায় রাতভর পৌরসভার সড়কবাতি জ্বলে, পাশাপাশি নাইট গার্ড ও পুলিশের টহলও থাকে। এমনকি উপজেলা ভূমি অফিসে নিজস্ব নাইট গার্ডও আছে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ দুটি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছে।